গাছা থানার অভিযানে ৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার

শরীফ ওমর টুটুল , গাজীপুর মহানগর প্রতিনিধি

প্রকাশিত: ১৭ জুন, ২০২৬, ০৫:৫৪ পিএম

গাজীপুর মহানগরীর ৩৫ নম্বর ওয়ার্ডের বাদে কলমেশ্বর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৬৪ বোতল কথিত ফেনসিডিলসহ শাহরিয়ার ইসলাম(২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গাছা থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। গত মঙ্গলবার (১৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় যানবাহনে থাকা অপর সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মহিউদ্দিন আহমেদের দিকনির্দেশনায় গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে এসআই (উপ-পরিদর্শক) মুহাম্মদ দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে শাহরিয়ার ইসলামকে গ্রেপ্তার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্রি করার কথা স্বীকার করেছেন।

এ বিষয়ে গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, সন্ত্রাস ও ছিনতাইয়ের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Link copied!