অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা রুবেলের সংবাদ সম্মেলন

শরীফ ওমর টুটুল , গাজীপুর মহানগর প্রতিনিধি

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ০৫:৪৬ পিএম

গাজীপুর মহানগরীর গাছা মেট্রো থানা বিএনপির নেতা নাসির উদ্দিন সরকার রুবেল তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন পোর্টালে মিথ্যা সংবাদ ও অপপ্রচার চালানোর অভিযোগ করেছেন। একই সঙ্গে তিনি এসব কর্মকাণ্ড বন্ধ না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। গত বুধবার (১৭ জুন) তার ব্যাক্তিগত অফিসে  আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে নাসির উদ্দিন সরকার রুবেল বলেন, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত বিল্লাল হোসেন বাবু দাবি করেন, মমিনুল ও তার সহযোগী ইকরা, ডিসকো জনি, পারভেজ ও রাজিব তাকে চাপাতি দিয়ে কুপিয়ে অঙ্গহানি করেছে এবং তিনি গাছায় একটি  লিখিত অভিযোগ করেন।  তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

নাসির উদ্দিন সরকার রুবেল বলেন, দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। বিগত সরকারের আমলে তিনি একাধিক মামলা ও হামলার শিকার হয়েছেন বলেও দাবি করেন। তিনি আরও বলেন, বর্তমানে কিছু ব্যক্তি ও গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তাকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, দলের নাম ব্যবহার করে কিছু ব্যক্তি এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে। এসব ব্যক্তির সঙ্গে তার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বলেও তিনি দাবি করেন।

রুবেল বলেন, তার বিরুদ্ধে অপপ্রচার অব্যাহত থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি তিনি দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান এবং অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। সংবাদ সম্মেলনের শেষে তিনি বলেন, অতীতের মতো ভবিষ্যতেও গাজীপুরবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন।

 

Link copied!