মুন্সীগঞ্জে সফরকালে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না। তার দাবি, দলটি দীর্ঘ প্রায় পাঁচ দশক ধরে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে আসছে।
শনিবার (২০ জুন) বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বিরোধী রাজনৈতিক মহলের একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার অভিযোগের জবাবে তিনি বলেন, বিএনপির রাজনীতির মূল ভিত্তি গণতন্ত্র।
তিনি আরও উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্রের ধারা চালু করেন। একই ধারাবাহিকতায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলেও তিনি মন্তব্য করেন।
তিনি দাবি করেন, জনগণের সমর্থনে বিএনপি দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত হয়েছিল, তাই দলের গণতান্ত্রিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, জামায়াতে ইসলামী একটি নিয়ন্ত্রিত রাজনৈতিক দল এবং তারা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করে না।
মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে এবং পারস্পরিক স্বার্থ ও মর্যাদা রক্ষা করে বিভিন্ন চুক্তি সম্পন্ন করা হবে। বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর বিষয়েও আলোচনা চলবে বলে তিনি জানান।
এর আগে স্থানীয়দের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, বিএনপি সরকার গঠনের তিন মাসের মধ্যেই বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড চালু এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভাতা প্রদানের উদ্যোগ রয়েছে। পাশাপাশি দেশব্যাপী খাল খনন কর্মসূচিও শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে কালীদাস নদীর ওপর উত্তর ইসলামপুর–মোল্লারচর কাঠের সেতুর পরিবর্তে একটি স্থায়ী সেতু নির্মাণের ঘোষণা দেন তিনি। একই সঙ্গে ফুলদি নদীর ওপর আরেকটি সেতু নির্মাণের আশ্বাস দিয়ে প্রয়োজনীয় জরিপ ও কারিগরি মূল্যায়নের কাজ দ্রুত সম্পন্ন করা হবে বলে জানান।
সফরের অংশ হিসেবে তিনি গজারিয়ার ভবেরচর গ্রামীণ বাজারে নবনির্মিত আধুনিক মার্কেট ভবন উদ্বোধন করেন, যা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়ন করেছে। প্রায় ২ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার টাকার এই প্রকল্পটি স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
পরে জেলা সার্কিট হাউসে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে উন্নয়ন প্রকল্প নিয়ে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন
আপনার মতামত লিখুন :