বাংলাদেশের শিশু-কিশোরদের ফুটবল বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক ও বালিকা বিভাগের চূড়ান্ত পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে শুধু খেলাধুলায় নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে হবে। তিনি উল্লেখ করেন, খেলাধুলার পাশাপাশি শিক্ষা ও অন্যান্য সক্ষমতা অর্জনের মাধ্যমে একটি সমৃদ্ধ, আধুনিক ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠান সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের ৬৫ হাজারেরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে ধাপে ধাপে বাছাই শেষে চারটি বিদ্যালয় চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়।
বালক বিভাগের ফাইনালে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অন্যদিকে বালিকা বিভাগের ফাইনালে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাবনার সাঁথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়।
চূড়ান্ত পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশাপাশি শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিনসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :