শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২৬ জুন

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২০ জুন, ২০২৬, ০৫:০৩ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আগামী ২৬ জুন দ্বিপক্ষীয় বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এর আগে ২৫ জুন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

তিনি জানান, মালয়েশিয়া সফর শেষে ২২ জুন বিকেলে প্রধানমন্ত্রী চীনের ডালিয়ান শহরে পৌঁছাবেন। সেখানে তিনি সামার দাভোস সম্মেলনে অংশ নেবেন এবং ‘পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে জলবায়ু নেতৃত্ব’ শীর্ষক অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন। পাশাপাশি বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করবেন তিনি।

২৩ জুন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার পর ২৪ জুন বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি চীনের বিভিন্ন সরকারি ও বাণিজ্যিক সংস্থার সঙ্গে বৈঠক করবেন এবং বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরবেন।

২৫ জুন বিকেলে গ্রেট হলে লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী। সেখানে দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা হবে। বৈঠক শেষে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।

২৬ জুন সকালে তিনি চীনের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর দুপুরে শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয়সহ দুই দেশের সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা হবে।

সফরের ফাঁকে প্রধানমন্ত্রী বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। একই দিন বিকেলে তিনি ঢাকার উদ্দেশে রওনা দিয়ে সন্ধ্যায় দেশে ফিরবেন।

পররাষ্ট্র সচিব বলেন, এই সফরের মাধ্যমে দুই দেশের কৌশলগত সহযোগিতার সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা আরও সম্প্রসারিত হবে।

 
 

Link copied!