যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার সোমবার পদত্যাগ করতে পারেন বলে খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদপত্র অবজারভার। তবে সরকারের একটি সূত্র জানিয়েছে, স্টারমার এখনো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের দিকেই মনোযোগী রয়েছেন।
অবজারভারের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার পদত্যাগের ঘোষণা দিয়ে নিজের বিদায়ের সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করতে পারেন স্টারমার। গত কয়েক মাস ধরেই তার নেতৃত্ব নিয়ে লেবার পার্টির ভেতরে ও বাইরে নানা প্রশ্ন উঠছিল। তবে শুক্রবার পরিস্থিতি নতুন মোড় নেয়, যখন তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহাম একটি গুরুত্বপূর্ণ পার্লামেন্টীয় আসনে জয় লাভ করেন। এর ফলে দলীয় নেতৃত্ব নিয়ে স্টারমারের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, পদত্যাগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীকে সঙ্গে নিয়ে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন স্টারমার। লেবার পার্টির জ্যেষ্ঠ নেতারাও সোমবারের মধ্যে তার কাছ থেকে একটি স্পষ্ট অবস্থান জানতে আগ্রহী।
অন্যদিকে, শুক্রবার স্টারমার বলেছিলেন যে তার নেতৃত্বের বিরুদ্ধে কোনো চ্যালেঞ্জ এলে তিনি তা মোকাবিলা করবেন। একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, অভ্যন্তরীণ দ্বন্দ্বে জড়িয়ে দলকে দুর্বল না করতে।
২০২৪ সালের নির্বাচনে স্টারমারের নেতৃত্বে লেবার পার্টি বড় ধরনের বিজয় অর্জন করেছিল। কিন্তু দুই বছরের মধ্যেই তার জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। অনেক ভোটারের ধারণা, জীবনমান উন্নয়নের যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, তা বাস্তবায়নে সরকার প্রত্যাশিত সাফল্য দেখাতে পারেনি।
সূত্র: অবজারভার, রয়টার্স
আপনার মতামত লিখুন :