কানাডার ভিক্টোরিয়া শহরের একটি মসজিদে নামাজ শেষে ইমামের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইসলামবিদ্বেষী মন্তব্য করতে করতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। খবরটি জানিয়েছে আনাদোলু এজেন্সি।
কানাডিয়ান মুসলিমদের জাতীয় পরিষদ (এনসিসিএম) শনিবার এক বিবৃতিতে জানায়, বিসিএমএ মসজিদের ইমাম শেখ ইব্রাহিম বৃহস্পতিবার সন্ধ্যায় নামাজ শেষে নিজের গাড়িতে বসেছিলেন। এ সময় এক ব্যক্তি হঠাৎ করে গাড়ির দরজা খুলে তাকে শারীরিকভাবে আক্রমণ করে।
বিবৃতিতে আরও বলা হয়, হামলার সময় অভিযুক্ত ব্যক্তি ইসলামবিদ্বেষী গালিগালাজ করে এবং ইমামকে ‘নিজ দেশে ফিরে যেতে’ বলে চিৎকার করতে থাকে।
এনসিসিএম জানায়, ঘটনার পর থেকে গত ৪৮ ঘণ্টা ধরে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে, যাতে নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
সংস্থাটি এই হামলাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে উল্লেখ করে জানায়, একজন ধর্মীয় নেতাকে এভাবে লক্ষ্যবস্তু বানানো মুসলিম সম্প্রদায়ের জন্য ক্রমবর্ধমান ইসলামবিদ্বেষের একটি উদ্বেগজনক উদাহরণ।
তারা আরও বলেন, মুসলিমবিরোধী সহিংসতা বাড়ছে, যা গভীর উদ্বেগের বিষয়। এ ধরনের হামলার নিন্দা জানিয়ে রাজনৈতিক ও সামাজিক নেতাদের ঘৃণাজনিত অপরাধের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এনসিসিএম আইনশৃঙ্খলা বাহিনীকে পুরো ঘটনার তদন্তের আহ্বান জানিয়েছে, বিশেষ করে এটি ঘৃণাজনিত অপরাধ কি না তা খতিয়ে দেখার অনুরোধ করেছে। পাশাপাশি দায়ী ব্যক্তিকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে তারা।
তবে এখনো ইমামের শারীরিক অবস্থা কিংবা হামলাকারীর বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো অভিযোগ গঠন করা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
আপনার মতামত লিখুন :