দক্ষিণ লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক ভয়াবহ হামলায় ইসরায়েলি সেনা নির বেন আরি (২১) নিহত হয়েছেন। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ডো ব্রিগেডের ম্যাগলান ইউনিটের সার্জেন্ট ফার্স্ট ক্লাস হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শনিবার ভোরে সংঘটিত এই হামলায় আরও ১৩ জন ইসরায়েলি সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ইসরায়েলি সেনাবাহিনীর প্রাথমিক তদন্তের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানায়, লেবাননের নাবাতিয়েহ অঞ্চলের কাফর তেবনিত এলাকায় একটি ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে রকেট ও বিস্ফোরকবাহী ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। আলি তাহের পাহাড়ের নিচে অবস্থিত হিজবুল্লাহর একটি বড় ভূগর্ভস্থ ঘাঁটি দখলের অভিযানের সময় এ হতাহতের ঘটনা ঘটে।
এই ঘটনার পরপরই নাবাতিয়েহ এলাকায় হিজবুল্লাহর বিভিন্ন সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। লেবাননের স্থানীয় গণমাধ্যম ও উদ্ধারকর্মীদের তথ্য অনুযায়ী, এসব পাল্টা হামলায় অন্তত ২৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার দাবি করেছেন, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ লেবাননে ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে ১৭৫টিরও বেশি রকেট ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ।
এর আগের দিন শুক্রবারও দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলায় একটি ইসরায়েলি ট্যাংক ধ্বংস হয় এবং ৫২তম ব্যাটালিয়নের কমান্ডার ডর গেদালিয়া বেন সিমহোন (৩২)সহ চার সেনা নিহত হন।
ইসরায়েলি বাহিনীর দাবি অনুযায়ী, আলি তাহের পাহাড়ের নিচের সুড়ঙ্গটি হিজবুল্লাহর বদর আঞ্চলিক বিভাগের প্রধান কৌশলগত কেন্দ্র। সেখানে এখনো বহু যোদ্ধা অবস্থান করায় গত কয়েক দিন ধরে ভূগর্ভ ও ভূপৃষ্ঠ— উভয় ক্ষেত্রেই দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে।
আপনার মতামত লিখুন :