সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হতে যাচ্ছে। ঐতিহাসিক ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ বাস্তবায়নের অংশ হিসেবে এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।
রোববার বৈঠকটি হওয়ার কথা রয়েছে। এর আগেই ইরানি আলোচক দল সুইজারল্যান্ডে পৌঁছেছে। অন্যদিকে ওয়াশিংটন থেকে রওনা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
তার মুখপাত্র লুক শ্রোডার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, শনিবারই ওয়াশিংটন ছেড়েছেন তিনি।
এর আগে ভাইস প্রেসিডেন্ট জানান, মার্কিন বিশেষ দূত জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ ইতিমধ্যেই সুইজারল্যান্ডে অবস্থান করছেন। তারা মূলত আলোচনার কারিগরি দিকগুলো নিয়ে কাজ করছেন। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, আলোচনার প্রস্তুতির অংশ হিসেবে শনিবারই ইরানি প্রতিনিধিদল জুরিখে পৌঁছায়। এবারের সংলাপে আন্তর্জাতিক মধ্যস্থতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
আল জাজিরার তথ্য অনুযায়ী, মধ্যস্থতাকারী হিসেবে সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই শান্তি উদ্যোগে কাতারও অংশ নেবে।
এক মার্কিন কূটনীতিক সিবিএস নিউজকে জানিয়েছেন, প্রথম দিনের আলোচনায় ইসরায়েল ও হিজবুল্লাহ সংঘাত নিয়ে জরুরি অধিবেশন যুক্ত করা হয়েছে, যা প্রাথমিক অগ্রাধিকার পেতে পারে।
তবে এই গুরুত্বপূর্ণ আলোচনায় ইসরায়েল, হিজবুল্লাহ কিংবা লেবানন সরকারের কোনো প্রতিনিধি উপস্থিত নেই।
আপনার মতামত লিখুন :