গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ৩৩ ও ৩৮ নম্বর ওয়ার্ডে পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২০ বোতল বিদেশি মদ ও ৮৫ পিস ইয়াবা উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে গাছা থানা পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে এএসআই রেজাউল করিম সঙ্গীয় ফোর্সসহ ৩৩ নম্বর ওয়ার্ডের সাইনবোর্ড মেম্বারবাড়ি রোডের আলীর বাড়ির সামনে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ২০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের কথিত বিদেশি মদসহ জুয়েল রানা (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি শেরপুর জেলার নালিতাবাড়ী থানার রাণীগাঁও গ্রামের আবুল হাসেমের ছেলে। বর্তমানে ৩৩ নম্বর ওয়ার্ডে উত্তর খাইলকুর এলাকার সেকান্দর এর বাড়ির ভাড়াটিয়া।
অন্যদিকে, গাছা থানার এসআই নাজমুল হক সঙ্গীয় ফোর্স সহ ৩৮ নম্বর ওয়ার্ডের মধ্য খাইলকুর হাজী মার্কেট তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে ৮৫ পিস কথিত ইয়াবাসহ আল-আমিন (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তিনি মধ্য খাইলকুর এলাকার আহম্মদ আলীর ছেলে। এ সময় উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।
গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদুজ্জামান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস ও ছিনতাই প্রতিরোধে গাছা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :