নিষিদ্ধ ঘোষিত আ'লীগের মিছিলের ভিডিও ; গাজীপুরে তোলপাড়!

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ০৬:০৩ পিএম

গাজীপুর মহানগরে একটি বিক্ষোভ মিছিলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।  ভিডিওতে পুলিশের উদ্দেশে কথিত হুমকিমূলক "সামনে আবিনা,মাইরা ফালামু" বক্তব্য শোনা যাওয়ার অভিযোগ ওঠার পর ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

একই সঙ্গে মিছিলে অংশগ্রহণকারীদের পরিচয় ও রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা দাবি-দাওয়া এবং পাল্টাপাল্টি বক্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

মিছিলটি বাসন থানার শেষ সীমানা হয়ে মালেকের বাড়ি গরুর হাটে এসে শেষ হয়,। রোববার (২১ জুন) দুপুরে  মিছিলের ভাইরাল হওয়া ভিডিওতে এক ব্যক্তিকে হুমকিসূচক বক্তব্য দিতে শোনা যায় বলে অভিযোগ ওঠে। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়লে রাজনৈতিক মহল, সাধারণ মানুষ এবং অনলাইন ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। 

স্থানীয় বিভিন্ন সূত্রের দাবি, মিছিলটি একটি রাজনৈতিক কর্মসূচির অংশ হতে পারে। তবে ভিডিওতে বক্তব্যদানকারী ব্যক্তির পরিচয়, মিছিলের প্রকৃত উদ্দেশ্য এবং ঘটনাটির পূর্ণাঙ্গ প্রেক্ষাপট তদন্তের আগে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিলকারীদের পরিচয় নিয়ে বিভিন্ন পক্ষ থেকে নানা দাবি করা হলেও সেসব তথ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে বিএনপির পরিচয়ধারী কয়েকজন নেতাকর্মীও ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়ে বিভিন্ন অভিযোগ ও পাল্টা অভিযোগ উত্থাপন করেছেন, যা রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা আরও বাড়িয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে। ভিডিওটির সত্যতা যাচাই, সংশ্লিষ্টদের শনাক্তকরণ এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। অপরাধ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভাইরাল ভিডিও, রাজনৈতিক প্রতিক্রিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন দাবিকে কেন্দ্র করে গাজীপুরের রাজনৈতিক অঙ্গন এখন উত্তপ্ত। তদন্তের ফলাফল এবং প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে নজর স্থানীয়দের।

Advertisement

Link copied!