গাজীপুরে ১২০ কেজি গাঁজার বড় চালান জব্দ, গ্রেপ্তার ২

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ০৩:১২ পিএম

গাজীপুর মহানগরীতে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে ১২০ কেজি গাঁজার বড় চালান জব্দ ও দুই কারবারিকে  গ্রেপ্তার  করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগরা এলাকায়  এই অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ লাখ টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লার তিতাস উপজেলার দাসকান্দি এলাকার হুমায়ুন কবিরের ছেলে মো. ইমন শাহরিয়ার (২৮) ও কুমিল্লার মুরাদনগর উপজেলার ঘোড়াশাল এলাকার আব্দুল মালেকের ছেলে মো. শরিফ (২৮)। বৃহস্পতিবার (২৫ জুন) ভোর ৩টা ৪০ মিনিটে মহানগরীর বাসন থানার ভোগড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অভিযান চালিয়ে এই সাফল্য অর্জন করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ভোগড়া এলাকার একটি গাড়ির ওয়ার্কশপের সামনে কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে ডিবির একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়।

অভিযানকালে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের হেফাজত থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ড-১৪-০৩৬১ নম্বরের একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার ইমন শাহরিয়ারের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা ও শরিফের বিরুদ্ধে একটি দস্যুতা মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পাল বলেন, “মাদক নির্মূল এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনতে জিএমপির অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না।”

Advertisement

Link copied!