মো. আখতার হোসেন, বিশেষ প্রতিনিধি: বিশ্ব মাদকবিরোধী দিবসে গাজীপুরের টঙ্গীতে হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণে বর্ণাঢ্য সাইকেল র্যালি করেছে ইসলামী ছাত্রশিবির। ভোরের আলো ফুটতেই শত শত সাইকেল আর মাদকবিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে টঙ্গী ও বোর্ডবাজার এলাকার প্রধান সড়ক। র্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশ থেকে মাদক নিয়ন্ত্রণে সরকারের কঠোর ভূমিকার দাবি জানিয়ে নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার ব্যর্থ হলে দেশের সচেতন ছাত্রসমাজ রাজপথে নেমে মাদকের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।
শুক্রবার বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে ইসলামী ছাত্রশিবিরের টঙ্গী মডেল শাখার উদ্যোগে তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী ক্যাম্পাস থেকে এ সাইকেল র্যালি বের করা হয়। ফজরের নামাজের পর থেকেই শিক্ষার্থীরা সাইকেল নিয়ে মাদ্রাসা প্রাঙ্গণে জড়ো হন। সকাল ৬টায় শুরু হওয়া র্যালিটি বোর্ডবাজারসহ আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা মাঠে এসে শেষ হয়। পুরো পথজুড়ে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
র্যালি-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শরীফ মাহমুদ বলেন, "মাদকের ভয়াবহতা সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়েছে। মাদকের টাকার জন্য পরিবারে পরিবারে সংঘাত, এমনকি হত্যাকাণ্ডও ঘটছে। সরকার যদি মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়, তাহলে দেশের সচেতন ছাত্রসমাজ রাজপথে নামতে বাধ্য হবে।"
তিনি কুমিল্লায় মাদকের বিরুদ্ধে মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের ঘটনা রাষ্ট্রের জন্য লজ্জাজনক এবং এর সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।
সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ড. হাফিজুর রহমান।
তিনি বলেন, "টঙ্গীতে মাদকের বিস্তার উদ্বেগজনক। মাদককে কেন্দ্র করে চুরি, ছিনতাইসহ নানা অপরাধ বাড়ছে। শুধু খুচরা বিক্রেতা নয়, মাদকের মূল হোতা ও সরবরাহ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে মাদক কীভাবে দেশে প্রবেশ করছে, সে বিষয়েও সরকারের নজরদারি বাড়াতে হবে।"
টঙ্গী মডেল শাখা ছাত্রশিবিরের সভাপতি ও তা'মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদের ভিপি মঈনুল ইসলাম বলেন, "মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময়ই আপসহীন। সরকার কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হলে ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।"
সাইকেল র্যালিতে আরও উপস্থিত ছিলেন ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ, গাজীপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি জাকির হোসেন, জেলা সভাপতি ইসমাইল পাঠান, তা'মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদের জিএস মুর্তুজা হাসান ফুয়াদসহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আয়োজকদের দাবি, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা, সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গঠন এবং মাদকমুক্ত বাংলাদেশ বিনির্মাণের বার্তা ছড়িয়ে দিতেই এ ব্যতিক্রমী সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :