মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬, ০৩:০৬ পিএম

রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলানগরে অবস্থিত বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৮ জুন) সকাল ৯টা ১৫ মিনিটে তিনি প্রতিষ্ঠানটির কার্যালয়ে পৌঁছান।

পূর্বঘোষিত কর্মসূচির বাইরে এ পরিদর্শনে প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন স্পারসোর বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তাৎক্ষণিক মতবিনিময় করেন এবং প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানের সামগ্রিক কার্যক্রম, গবেষণা ও উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। পরে বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাঁদের উদ্ভাবন, গবেষণা কার্যক্রম এবং চলমান প্রকল্পের বিস্তারিত উপস্থাপন করেন।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান স্পারসোকে আধুনিক, যুগোপযোগী ও স্বনির্ভর প্রতিষ্ঠানে রূপান্তরের নির্দেশ দেন। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা, মহাকাশ প্রযুক্তি এবং দেশের সামগ্রিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষাসচিব মো. আশরাফ উদ্দিন, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, উপ-প্রেসসচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) দেশের মহাকাশ বিজ্ঞান, উপগ্রহ প্রযুক্তি এবং দূর অনুধাবন প্রযুক্তি বিষয়ে গবেষণা, উন্নয়ন ও ব্যবহারিক প্রয়োগে নিয়োজিত জাতীয় প্রতিষ্ঠান।

Advertisement

Link copied!