দেশের আগামী দিনের অগ্রযাত্রা বর্তমান প্রজন্মের হাতেই নির্ভর করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, একটি উন্নত, সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে। শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জন করলেই হবে না, পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমেও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষ, দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদ ভবনের বিশেষ অতিথি ভোজনকক্ষে সংসদ অধিবেশন পরিদর্শনে আসা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেন। তাঁদের মধ্যে ছিল কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী, গণসাক্ষরতা অভিযানের সহযোগী প্রতিষ্ঠান ‘সুরভী’র মাধ্যমে আসা সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষকসহ ২১ জন এবং তেজগাঁও কলেজ বিতর্ক সংঘের শিক্ষার্থী ও শিক্ষকসহ ১৬ জন।
মধ্যাহ্নভোজ শেষে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। তিনি তাঁদের পড়াশোনা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ব্যক্তিগত আগ্রহ সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন, শিক্ষাজীবনে পাঠ্যক্রমের পাশাপাশি খেলাধুলা, বিতর্ক, সাংস্কৃতিক ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিক্ষার্থীদের বহুমাত্রিক দক্ষতা অর্জনের প্রতি গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব দেবে। সে কারণে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে এখন থেকেই নিজেদের জ্ঞান, দক্ষতা ও নৈতিকতায় সমৃদ্ধ করে তুলতে হবে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সংসদ ভবন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করেন। পাশাপাশি তাঁরা সংসদ গ্রন্থাগার পরিদর্শন, উত্তর প্রাঙ্গণে আলোকচিত্র ধারণ এবং অধিবেশন কক্ষে উপস্থিত থেকে সংসদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণের সুযোগ পান।
আপনার মতামত লিখুন :