৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬, ০৬:০০ পিএম

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। এতে মোট ১ হাজার ৫২১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। রোববার বিকেলে এ ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফল অনুযায়ী, উত্তীর্ণদের মধ্যে ১ হাজার ৩২০ জনকে বিভিন্ন ক্যাডার পদে এবং ২০১ জনকে নন-ক্যাডার পদে নিয়োগের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০২৪ সালের ২৮ নভেম্বর। এরপর ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষ হওয়ার মাত্র নয় দিনের মধ্যেই ফল প্রকাশ করে নতুন দৃষ্টান্ত স্থাপন করে সরকারি কর্ম কমিশন।

পরবর্তীতে একই বছরের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ৭ এপ্রিল লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হলে ৩ হাজার ৬৩১ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এ বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়ার কথা রয়েছে। এর মধ্যে ৩ হাজার ৪৮৭টি ক্যাডার পদ এবং ২০১টি নন-ক্যাডার পদ। চূড়ান্ত ফলাফলের প্রথম ধাপে ১ হাজার ৫২১ জনকে নিয়োগের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।

Advertisement

Link copied!