গাজীপুর মহানগরীর টঙ্গীর তুরাগ নদীতে ‘৭টি লাশ উদ্ধার’ সংক্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের ঘটনায় রটনাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে জনসাধারণের সহযোগিতা চেয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।একই সঙ্গে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।
শনিবার (২৭ জুন) রাতে জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেন এ তথ্য জানান।জিএমপি কমিশনার মো. ইসরাইল হাওলাদারের বরাতে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও বিভ্রান্তিকর তথ্য জনমনে আতঙ্ক সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। তাই কোনো তথ্য প্রচার বা শেয়ার করার আগে অবশ্যই তার সত্যতা যাচাই করা প্রয়োজন। জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে জিএমপি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, কেউ যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি বা আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জিএমপি সবার প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে কেবল যাচাইকৃত তথ্য প্রচারের আহ্বান জানিয়েছে। পাশাপাশি তুরাগে ‘৭ লাশ’ নিয়ে গুজব ছড়ানো ব্যক্তি বা চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে জনসাধারণের সহযোগিতাও কামনা করেছে পুলিশ।
আপনার মতামত লিখুন :