দেশব্যাপী নতুন প্রজন্মের ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে তাদের দক্ষতা বিকাশের লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে আবারও শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’। আগামী ১ জুলাই থেকে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে নিবন্ধন চলবে। ১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পাবে।
এবারের আয়োজনে অংশগ্রহণকারীরা ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট (কারাতে, উশু, তাইকোয়ানদো ও জুডো), সাঁতার, ভলিবল এবং টেবিল টেনিস—এই ১০টি ইভেন্টের মধ্যে সর্বোচ্চ দুটি খেলায় অংশ নিতে পারবে।
আয়োজকদের তথ্যমতে, অংশগ্রহণের জন্য শিক্ষার্থীর জন্মতারিখ ১ সেপ্টেম্বর ২০১২ থেকে ৩১ আগস্ট ২০১৪-এর মধ্যে হতে হবে। আবেদন করতে প্রয়োজন হবে অনলাইন ভেরিফাইড জন্মনিবন্ধন, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র, ভর্তি রেজিস্ট্রেশন কার্ড, বর্তমান শ্রেণির সত্যায়িত শিক্ষার্থী তালিকার কপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি। নিবন্ধন করতে হবে।
কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন বলেন, নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে গ্রামবাংলার লুকিয়ে থাকা ক্রীড়া প্রতিভা বিকাশের একটি বড় সুযোগ তৈরি হয়েছে। তিনি অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতি যোগ্য শিক্ষার্থীদের নিবন্ধনে সহযোগিতা করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব এবং দেশপ্রেমের চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উল্লেখ্য, চলতি বছরের নতুন কুঁড়ি স্পোর্টসের বিভিন্ন পর্যায়ে কেশবপুর উপজেলার ক্ষুদে খেলোয়াড়রা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে জেলার ক্রীড়াঙ্গনে প্রশংসা কুড়িয়েছে। সেই ধারাবাহিকতায় এবারও উপজেলার প্রতিভাবান শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণের আশা করছেন সংশ্লিষ্টরা।
“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রত্যয়ে এগিয়ে যাক বাংলাদেশের নতুন কুঁড়িরা।
আপনার মতামত লিখুন :