সিংগাইরে পাটক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার, একজন আটক

এস এম সানোয়ার , সিঙ্গাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা

প্রকাশিত: ০১ জুলাই, ২০২৬, ০৩:৪৪ পিএম

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার একটি পাটক্ষেত থেকে সাকিবুল ইসলাম (১৭) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাকিবুল মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা গ্রামের রহমত ওরফে টুলুর ছেলে।

৩০ জুন দিবাগত রাত প্রায় ১২টার দিকে বলধারা ইউনিয়নের নবগ্রাম-কাশতা গোলাই এলাকায় রাস্তায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশপাশে তল্লাশি চালিয়ে পাশের একটি পাটক্ষেত থেকে সাকিবুলের মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহতের কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়। ঘটনাস্থল থেকে তিনটি স্যান্ডেল উদ্ধার করা হয়েছে, যা গুরুত্বপূর্ণ আলামত হিসেবে বিবেচনা করা হচ্ছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশাটি রাস্তায় পড়ে থাকতে দেখে এলাকাবাসীর সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন না থাকলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে স্বপন (২২) নামে এক ফার্নিচার ডিজাইনারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Link copied!