পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার জগন্নাথকাঠি মাছ বাজারে চিংড়ি মাছের মধ্যে জেলি প্রবেশ করিয়ে কৃত্রিমভাবে ওজন বৃদ্ধি করে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চিংড়ি মাছের মধ্যে জেলি মিশিয়ে কৃত্রিমভাবে ওজন বাড়িয়ে অধিক মূল্যে বিক্রির অভিযোগের ভিত্তিতে জগন্নাথকাঠি মাছ বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অভিযোগের সত্যতা পাওয়া গেলে মনীষা ফিশিং হাউসের স্বত্বাধিকারী উত্তম কুমার মণ্ডলকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত বলেন, "ভোক্তা অধিকার সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের সততা ও নৈতিকতার সঙ্গে ব্যবসা পরিচালনা করতে হবে।" অভিযানকালে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ভোক্তারা।
সংশ্লিষ্টদের মতে, মাছের মধ্যে জেলি বা অন্য কোনো পদার্থ প্রবেশ করিয়ে কৃত্রিমভাবে ওজন বৃদ্ধি করা ভোক্তাদের সঙ্গে প্রতারণার শামিল। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ড জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকিপূর্ণ এবং খাদ্য নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন :