কক্সবাজারের চকরিয়া পরিদর্শনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী: পাহাড়কাটা বন্ধে কঠোর ব্যবস্থা, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ০৬:৫৫ পিএম

কক্সবাজারের চকরিয়া পরিদর্শনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী: পাহাড়কাটা বন্ধে কঠোর ব্যবস্থা, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস

মোহাম্মদ আইয়ুব মাতামুহুরী : সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে ক্ষতবিক্ষত কক্সবাজারের চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকাল ৩টায় তিনি উপজেলার বরইতলী ইউনিয়নের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে ঘুরে দেখেন। পরিদর্শন শেষে চকরিয়া উপজেলার বরইতলী ডেইঙ্গাকাটা ও পহরচাঁদা এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, "অতীতে যেভাবে নির্বিচারে পাহাড় কাটা হয়েছে, বর্তমান সরকারের আমলে তা আর চলতে দেওয়া হবে না। পাহাড়খেকোরা যতই প্রভাবশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এমনকি কোথাও স্লুইস গেট বন্ধ রেখে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করা হয়ে থাকলে, বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।"

এ সময় নির্বাচিত সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে অনিন্দ্য ইসলাম বলেন, "বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষা প্রতিষ্ঠানসহ সব ধরনের অবকাঠামো দ্রুত সংস্কার করা হবে। একই সঙ্গে কৃষি, মৎস্য, গবাদিপশু এবং বসতবাড়ির ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের আওতায় আনা হবে।"

তিনি আরও জানান, "বন্যার পানি পুরোপুরি নেমে যাওয়ার পর সংশ্লিষ্ট দপ্তরগুলো ক্ষয়ক্ষতির চূড়ান্ত প্রতিবেদন দেবে। সেই প্রতিবেদনের ভিত্তিতে পূর্ণাঙ্গ পুনর্বাসন কার্যক্রম শুরু করা হবে।"

এ সময় কক্সবাজার জেলা প্রশাসক মো: আবদুল মান্নান, জেলা পুলিশ সুপার এ.এন. এম. সাজেদুর রহমান, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, উপজেলা প্রকল্প কর্মকর্তা দিলীপ দে, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী ইফতেখারুল আলম, আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিয়াম সরিষা
Link copied!