এআই প্রযুক্তিতে সাংবাদিকের ছবি বিকৃত করে অপপ্রচার: চট্টগ্রামে মামলা, তদন্তে পিবিআই

আতিকুর রহমান , ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ০৭:০১ পিএম

এআই প্রযুক্তিতে সাংবাদিকের ছবি বিকৃত করে অপপ্রচার: চট্টগ্রামে মামলা, তদন্তে পিবিআই

কক্সবাজারে দৈনিক প্রতিদিনের কাগজ ও দৈনিক দৈনন্দিন পত্রিকার স্টাফ রিপোর্টার আতিকুর রহমানের ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বিকৃত ও কুরুচিপূর্ণভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করা হয়েছে। আদালতের মামলা নং- ৯৬, তারিখ: ১২/০৩/২০২৬।

বৃহস্পতিবার (১২ মার্চ) দায়ের করা মামলাটি আমলে নিয়ে আদালত ঘটনার সত্যতা ও কারিগরি দিক নিবিড়ভাবে তদন্তের জন্য কক্সবাজার পিবিআইকে সংশ্লিষ্ট ডিভাইস জব্দসহ প্রয়োজনীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সাংবাদিক আতিকুর রহমান দীর্ঘদিন ধরে সুনামের সাথে কক্সবাজার অঞ্চলে মাদক কারবারিদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশ করে আসছেন। এর জেরে একটি মাদকচক্র তার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে সাইবার অপরাধীদের মাধ্যমে পরিকল্পিত অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

এতে আরও বলা হয়, পরস্পর যোগসাজশে আধুনিক এআই প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিক আতিকুর রহমানের ছবি বিকৃত, আপত্তিকর ও অশ্লীল ছবি তৈরি করা হয়। পরে সেসব ছবি ফেসবুকের বিভিন্ন পেজ, আমিনুল হক, মো: সোহেল, আরিফুল ইসলাম আকাশ, মোহাম্মদ রাইহান, মনোয়ার পারভেজ, জাহাঙ্গীর আলম, ফয়সাল, ও মহিউদ্দিনের ব্যক্তিগত আইডিসহ একাধিক আইডি থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তার সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়।

মামলায় ৮ জনকে আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক ও নারী নির্যাতন, হত্যাচেষ্টা, ডাকাতিসহ ডজনখানেক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

বাদীপক্ষের দাবি, এ ধরনের অপপ্রচার শুধু ব্যক্তিগত মানহানিই নয়, বরং স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি হুমকি। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

সিয়াম সরিষা
Link copied!