ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকের সিনিয়র স্টাফ অফিসার (উপসহকারী পরিচালক) শামস আরমানকে ঘিরে নানা অভিযোগ ও আলোচনা তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি প্রায় এক দশক ধরে একই কর্মস্থলে দায়িত্ব পালন করছেন এবং আওয়ামী লীগ সরকারের আমলে বিশেষ সুবিধা ভোগ করেছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে রাষ্ট্রপতি পদক গ্রহণের তাঁর একটি ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, শামস আরমান বর্তমানে মহাপরিচালকের সিনিয়র স্টাফ অফিসার (উপসহকারী পরিচালক) হিসেবে দায়িত্ব পালন করছেন।
অভিযোগ রয়েছে, সারাদেশে কর্মকর্তা বদলিতে প্রভাব বিস্তার, পছন্দের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ স্টেশনে পদায়ন, ফায়ার সার্ভিসে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম এবং একাধিক বিয়ে করা কয়েকজন চালককে চাকরিতে বহাল রাখাসহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে তাঁর নাম জড়িয়েছে।
এছাড়া দীর্ঘদিন একই অধিদপ্তরে দায়িত্ব পালনের সুযোগে তিনি অবৈধভাবে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদের মালিক হয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমা দেওয়া এক লিখিত অভিযোগে দাবি করা হয়েছে, তাঁর নামে প্রায় ১১ কোটি টাকার সম্পদ রয়েছে। এ বিষয়ে গত ৫ জুলাই দুদকের চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
তবে উল্লিখিত অভিযোগগুলোর বিষয়ে শামস আরমানের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর সরকারি মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও প্রতিবেদন প্রকাশ পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন :