নওগাঁর পত্নীতলায় হানিট্র্যাপের মাধ্যমে ভুক্তভোগীদের জিম্মি করে মুক্তিপণ আদায়কারী একটি চক্রের দুই তরুণীসহ চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গত ১৪ এপ্রিল রাতে অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) ও পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে নজিপুর পৌরসভার সর্দারপাড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এই চক্রটি ফেসবুক পেজ ও ইমো অ্যাপের মাধ্যমে ভুক্তভোগীদের প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে এনে মারধর করত। এরপর নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করত।
গ্রেপ্তারকৃতরা হলেন মাহফুজুর রহমান বাঁধন (২৬), মমিনুর ইসলাম (২২), রুমা খাতুন (২০) ও সাদিয়া আক্তার মায়া (১৯)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
পুলিশ আরও জানায়, চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ সুপার তরুণদের এ ধরনের হানিট্র্যাপ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :