মোঃ রাজিব ভূইয়া বেলাবো : নরসিংদীর বেলাবো উপজেলার বাজনাব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাড়িসাঙ্গান চরপাড়া এলাকায় ভয়াবহ নদীভাঙনে তিনটি পরিবারের বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আকস্মিক এ ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্ভোগের মধ্যে মানবেতর জীবনযাপন করছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা হলেন— মোঃ বিকছান মিয়া, মোঃ মানিক মায়া এবং মোঃ নুরচান মায়া । নদীর তীব্র স্রোত ও ভাঙনের কারণে তাদের দীর্ঘদিনের বসতভিটা মুহূর্তেই নদীগর্ভে চলে যায়। এতে পরিবারগুলো তাদের ঘরবাড়ি, আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামালের ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বছর বর্ষা মৌসুমে এ এলাকায় নদীভাঙন দেখা দেয়। কিন্তু এবার ভাঙনের তীব্রতা অনেক বেশি হওয়ায় কয়েকটি বাড়ি ইতোমধ্যেই নদীগর্ভে বিলীন হয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে আরও অনেক বসতবাড়ি, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা নদীতে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এলাকাবাসীর দাবি, চরপাড়া এলাকায় নদীর তীরে দ্রুত একটি স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা হোক, যাতে ভবিষ্যতে নদীভাঙনের কবল থেকে বসতবাড়ি, কৃষিজমি এবং মানুষের জীবন-জীবিকা রক্ষা করা সম্ভব হয়।
এ বিষয়ে বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাইলাতুল হোসেন জানান, "আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ক্ষয়ক্ষতির বিষয়টি নরসিংদী জেলা পানি উন্নয়ন বোর্ডে লিখিতভাবে অবহিত করেছি। চরপাড়া এলাকায় জরুরি ভিত্তিতে নদী তীর সংরক্ষণ ও বাঁধ নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।"এলাকাবাসী দ্রুত সরকারি উদ্যোগে স্থায়ী বাঁধ নির্মাণ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :