কোটালীপাড়ায় সড়ক নির্মাণকাজে অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মামলার বাদী ইয়াসিন হোসেন। তিনি মামলাটিকে ‘ভুল বোঝাবুঝির ফল’ উল্লেখ করে আইনানুগ প্রক্রিয়ায় তা প্রত্যাহারের উদ্যোগ নেওয়ার কথা জানান।
বুধবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৩টায় গোপালগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স লিমিটেড-এর স্থানীয় প্রতিনিধি ইয়াসিন হোসেন এ ঘোষণা দেন।
তিনি বলেন, গত ৬ জুলাই কোটালীপাড়ার শিকির বাজার স্কাউট ভবন থেকে পূর্ব চিত্রাপাড়া পর্যন্ত সড়কের রক্ষণাবেক্ষণকাজে অনিয়মের অভিযোগ নিয়ে দৈনিক আমার দেশ ও ডেইলি পোস্ট-এ সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদন প্রকাশের পর ক্ষোভের বশবর্তী হয়ে ৭ জুলাই তিনি গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ, গোপালগঞ্জ জেলার প্রধান মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা করেন।
সংবাদ সম্মেলনে ইয়াসিন হোসেন বলেন, “আমি উপলব্ধি করেছি, মামলাটি ছিল ভুল বোঝাবুঝির ফল। সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। তাই আমি মামলাটি প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি এবং আইনানুগ প্রক্রিয়ায় তা প্রত্যাহারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”
তিনি আরও বলেন, “সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের সঙ্গে আমার কোনো ধরনের চাঁদাবাজি বা অর্থ দাবির ঘটনা ঘটেনি।”
উল্লেখ্য, গত ৬ জুলাই দৈনিক আমার দেশ অনলাইনে “কোটালীপাড়ায় সড়ক নির্মাণে অনিয়ম, কার্পেটিং উঠে যাওয়ার ভিডিও ভাইরাল” শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সড়ক নির্মাণকাজের বিভিন্ন অনিয়ম, নিম্নমানের কার্পেটিং এবং কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তোলা হয়।
এর একদিন পর, ৭ জুলাই, ইয়াসিন হোসেন সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন। পরে ১৫ জুলাই সংবাদ সম্মেলন করে তিনি সেই মামলা প্রত্যাহারের ঘোষণা দেন।

আপনার মতামত লিখুন :