ইউএনও'র হস্তক্ষেপে ভেঙে যাওয়া পরিবারে হাসি ফিরল, প্রশংসায় ভাসছেন কুলিয়ারচরের ইউএনও

মোঃ নাঈমুজ্জামান নাঈম , নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬, ০৪:১৮ পিএম

ইউএনও'র হস্তক্ষেপে ভেঙে যাওয়া পরিবারে হাসি ফিরল, প্রশংসায় ভাসছেন কুলিয়ারচরের ইউএনও

ফাইল ফটো

কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইয়াসিন খন্দকারের আন্তরিক উদ্যোগ ও মানবিক হস্তক্ষেপে ভেঙে যাওয়ার পথে থাকা একটি পরিবারে আবারও ফিরে এসেছে শান্তি ও সম্প্রীতি। তাঁর সময়োপযোগী পদক্ষেপে স্বামী-স্ত্রীর দীর্ঘদিনের ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে পুনরায় এক ছাদের নিচে বসবাসের সুযোগ সৃষ্টি হওয়ায় সর্বমহলে প্রশংসার সৃষ্টি হয়েছে।

জানা যায়, কুলিয়ারচর পৌরশহরের নয়াগাঁও বেপারিপাড়া মহল্লার বাসিন্দা সানাউল্লাহ মিয়ার স্ত্রী জুলেখা আক্তার পারিবারিক বিরোধের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর ইউএনও মোঃ ইয়াসিন খন্দকার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে উভয় পক্ষকে সোমবার (২০ জুলাই, ২০২৬) দুপুরে তাঁর কার্যালয়ে ডেকে এনে ধৈর্যসহকারে তাদের বক্তব্য শোনেন।

পরবর্তীতে পারস্পরিক আলোচনা, বোঝাপড়া এবং পারিবারিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে তিনি স্বামী-স্ত্রীর মধ্যে সৃষ্টি হওয়া দূরত্ব দূর করতে সক্ষম হন। ইউএনও'র আন্তরিক প্রচেষ্টায় দুজনই অতীতের ভুল বোঝাবুঝি ভুলে নতুনভাবে সংসার শুরু করার অঙ্গীকার করেন।

শুধু পুনর্মিলনেই সীমাবদ্ধ থাকেননি ইউএনও। দাম্পত্য জীবনের নতুন সূচনাকে স্মরণীয় করে রাখতে তিনি মিলন হওয়া স্বামী-স্ত্রীকে একটি উপহারও প্রদান করেন। তাঁর এমন মানবিক উদ্যোগে উপস্থিত সবাই সন্তোষ প্রকাশ করেন এবং ইউএনও'র এই ব্যতিক্রমী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, কুলিয়ারচর পৌরসভার সাবেক কাউন্সিলর ও উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন, সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট মুহাম্মদ শাহ আলম, সাংবাদিক মোঃ নাঈমুজ্জামান নাঈম, সাংবাদিক আলী হায়দারসহ বেপারিপাড়া মহল্লার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সিয়াম সরিষা
Link copied!