নড়াইল ও লোহাগড়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর থানা-উপজেলা ও পৌরসভা কমিটির সভাপতি-সম্পাদক পদমর্যাদার ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপির কেন্দ্রীয় কমিটি। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন, নড়াইল সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম পলাশ, সদর পৌর বিএনপির সাবেক সভাপতি তেলায়েত হোসেন, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আহাদুজ্জামান বাটু, সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সাবেক সভাপতি মিলু শরীফ এবং সাবেক সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু।
পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের ২৭ জানুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্ব স্ব পদধারী নেতাদের বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে ও দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হলো। এই সিদ্ধান্ত অতিবিলম্বে কার্যকর হবে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে স্ব স্ব নেতারা কার্যকরী ভূমিকা রাখবেন বলে দল আশা করে।

আপনার মতামত লিখুন :