চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী শিপইয়ার্ডে বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিকভাবে আহত শ্রমিকদের নাম-পরিচয় জানা যায়নি।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার ভাটিয়ারী স্টেশন রোডসংলগ্ন সাগর উপকূলে মো. লোকমানের মালিকানাধীন ফেরদৌস স্টিল নামের জাহাজভাঙা কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন জানান, ফেরদৌস শিপইয়ার্ডে বিস্ফোরণে অনেকে হতাহত হয়েছে। এখনো পর্যন্ত তিনজন মারা গেছে এবং উদ্ধার তৎপরতা চলছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পর সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করা হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনিও কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে যাবেন। বিস্ফোরণের কারণ এবং আহত শ্রমিকদের কোথায় চিকিৎসা দেওয়া হচ্ছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

আপনার মতামত লিখুন :