ভৈরবে পুলিশের সাঁড়াশি অভিযানে ৫১ জন আটক

জয়নাল আবেদীন রিটন , ভৈরব প্রতিনিধি

প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৬, ০৬:৪৯ পিএম

ভৈরবে পুলিশের সাঁড়াশি অভিযানে ৫১ জন আটক

কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের বিভিন্ন স্থানে রাতভর ভৈরব থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে চোর, ছিনতাইকারী, মাদকসেবী ও সন্দেহভাজনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৫১ জনকে আটক করেছে। পরে তাদের মধ্যে যাচাই-বাছাই করে এবং থানায় কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার পূর্ব রেকর্ড না থাকায় ৩০ জনকে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

বাকি ২১ জনকে বিভিন্ন অভিযোগে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। আটককৃতদের অভিভাবকদের সতর্ক করে ভৈরব সার্কেলের এএসপি আবু মুসা শেখ জানিয়েছেন যে, রাত ১১টার পর কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়া রাস্তায় ঘোরাঘুরি করতে দেখা গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ভৈরব থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, ভৈরবে ইদানীং চুরি, ছিনতাই ও মাদক সেবন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া-ফ্যাসাদে লিপ্ত হওয়া সহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে ভৈরব সার্কেলের এএসপি আবু মুসা শেখের নেতৃত্বে পৌর এলাকার বিভিন্ন স্থানে রাতভর অভিযান চালায় পুলিশ।

এ সময় কারণ ছাড়া গভীর রাতে রাস্তায় ঘোরাঘুরি সহ বিভিন্ন অভিযোগে ৫১ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তাদের মধ্যে ৪ জন অপ্রাপ্তবয়স্ক (১৮ বছরের কম) ও অপরাধের ধরন বিবেচনা করে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে একই অপরাধে আটক হলে জেলখানায় যেতে হবে, এমনটাই জানিয়েছেন পুলিশের কর্মকর্তাগণ।

সিয়াম সরিষা
Link copied!