কুলিয়ারচরে বিএনপি নেতার বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগ, ৭ বছরের শিশু ধর্ষণ চেষ্টা মামলায় কিশোর গ্রেপ্তার

মোঃ নাঈমুজ্জামান নাঈম , নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৬, ০৮:১১ পিএম

কুলিয়ারচরে বিএনপি নেতার বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগ, ৭ বছরের শিশু ধর্ষণ চেষ্টা মামলায় কিশোর গ্রেপ্তার

ফাইল ফটো

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পঞ্চম শ্রেণির এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে মো. জজ মিয়া (৫৫) নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযোগ, ঘটনার পর স্থানীয় মাতব্বররা শালিস বসিয়ে শিশুটির ‘ইজ্জতের মূল্য’ ৫০ হাজার টাকা নির্ধারণ করে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। তবে টাকা নিয়ে আপোষ না করে শিশুটির বাবা থানায় লিখিত অভিযোগ করেছেন। জজ মিয়া ফরিদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। অপরদিকে মাত্র ৭ বছরের এক শিশুকে বাগানে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে আসিফ (১৭) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে কুলিয়ারচর থানা পুলিশ। 

শনিবার (১৫ আগস্ট, ২০২৬) দুপুরে ,আইনি প্রক্রিয়া শেষে তাকে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। গত ১৩ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের আলীনগর পূর্বপাড়া গ্রামের নদীর পাড়সংলগ্ন জঙ্গল এলাকায় ৫ম শ্রেণির শিশু শিক্ষার্থীর সাথে ঘটে বলে অভিযোগে উঠেছে। শিশুটির বাবা, একজন কৃষক, পরদিন ১৪ আগস্ট কুলিয়ারচর থানায় লিখিত অভিযোগ দেন।

অভিযোগ অনুযায়ী, শিশুটি বাড়ির পশ্চিমে ফারুক মিয়ার জমিতে লাকড়ি শুকাতে গেলে আগে থেকে ওত পেতে থাকা জজ মিয়া তার মুখে গামছা পেঁচিয়ে টেনে পাশের জঙ্গলে নিয়ে যান। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়। শিশুটির চিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে অভিযুক্তকে আটক করে। পরে স্থানীয় কয়েকজন মাতব্বর শালিসে বিষয়টি মীমাংসার আশ্বাস দিয়ে তাকে নিয়ে যান।

শিশুটির পরিবারের অভিযোগ, ওই রাতেই বাড়িতে শালিস বসিয়ে ৫০ হাজার টাকা দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। পরিবারটি এতে রাজি না হয়ে পরদিন সকালে শিশুটিকে নিয়ে থানায় যায়। শিশুটির চাচা নজরুল ইসলামের অভিযোগ, থানায় অভিযোগের পর অভিযুক্ত পক্ষ থেকে তাদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। পরিবারের দাবি, জজ মিয়ার বিরুদ্ধে অতীতেও একই ধরনের অভিযোগ উঠেছিল, কিন্তু তখন স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়।

এদিকে একই উপজেলার দ্বাড়িয়াকান্দি পূর্বপাড়া গ্রামে গত ২৭ জুন ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পলাতক আসিফ (১৭) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, বাবা-মা গার্মেন্টসে চাকরি করায় নানার বাড়িতে থাকা শিশুটিকে ফুসলিয়ে বাগানে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে আসিফ। পরে তাকে একটি ঘরের কোণে নিয়ে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করা হয়। এক নারী ঘটনাটি দেখে শিশুটিকে উদ্ধার ও আসিফকে আটক করলেও সে কৌশলে পালিয়ে যায়। পরে শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন বলেন, ৫ম শ্রেণির শিশুকে ধর্ষণের অভিযোগে তার বাবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। শিশুটির ডাক্তারি পরীক্ষা ও আদালতে জবানবন্দি নেওয়া হবে। পরীক্ষার প্রতিবেদন ও তদন্তের পর ধর্ষণ নাকি ধর্ষণের চেষ্টা, তা নিশ্চিত হওয়া যাবে।

তিনি বলেন, একই উপজেলার ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় পলাতক আসিফকে পুলিশ গ্রেপ্তার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। দুই ঘটনাই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অপরাধ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!