গাজীপুরের কালিয়াকৈরে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে গরুবাহী পিকআপের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোয়ালবাতান এলাকায় এ ঘটনা ঘটে। একই সঙ্গে ১টি গরুও মারা যায়।
নিহতরা হলেন, পিকআপে থাকা হানিফ ও আলমগীর নামে দুইজন ও অজ্ঞাত একজন।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোয়ালবাতান এলাকায় চলন্ত অবস্থায় থাকা শ্যামলী পরিবহনের পিছন দিকে দ্রুতগতির পশুবাহী পিকআপটি সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই গাড়ির দুই আরোহী প্রাণ হারান এবং গাড়িতে থাকা একটি গরু মারা যায়। গুরুতর আহত হন অজ্ঞাত আরও একজন। তকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মহাসড়কে কিছুক্ষণ যান চলাচলেও ব্যাঘাত ঘটে। পুলিশ দুর্ঘটনা কবলিত যান দুটি উদ্ধার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেছে।
হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) ফাহিম জানিয়েছে, নিহত দুই জনের পরিচয় পেলেও হাসপাতালে নিয়ে যাওয়া ব্যক্তির পরিচয় এখনো মিলেনি। নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের কাজ চলছে।

আপনার মতামত লিখুন :