ঢাকার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে ভালুম কেন্দ্রীয় যুব সংঘের উদ্যোগে ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ভালুম কেন্দ্রীয় যুব সংঘের খেলার মাঠ প্রাঙ্গণে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী ম্যাচে বাইশাকান্দা ইয়াং স্টার ও ডি এস এস ক্লাব নারায়ণগঞ্জ মুখোমুখি হয়। খেলায় ২-০ গোলের ব্যবধানে জয় পায় বাইশাকান্দা ইয়াং স্টার।
সানোড়া ইউনিয়ন বিএনপি সভাপতি আলতাফ হোসেনের উদ্বোধনায় এবং ইঞ্জিনিয়ার জালাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও ধামরাই উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী রেজুয়ান আহমেদ চৌধুরী রবিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালামপুর বাজার বণিক সমিতির সভাপতি ও সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হালিম কন্ঠু, ধামরাই উপজেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজিমউদ্দীন, ধামরাই উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ চৌধুরী, উপজেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক মাসুদ রানা, সুতিপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন।
এছাড়া ভালুম কেন্দ্রীয় যুব সংঘের সাধারণ সম্পাদক জুবায়েল হোসেন, ক্রীড়া সম্পাদক মোতালেব হোসেন ও সহ-ক্রীড়া সম্পাদক কামরুজ্জামান টুটুলসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খেলাকে ঘিরে মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ। উদ্বোধনী ম্যাচ উপভোগ করতে হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শকের সমাগম ঘটে। দর্শকদের ব্যাপক উপস্থিতিতে মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

আপনার মতামত লিখুন :