চান্দিনার ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে উদ্যোগ নিলেন এমপি শাওন, তদারকি করলেন ঘটনাস্থলে

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৬, ০২:১২ পিএম

চান্দিনার ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে উদ্যোগ নিলেন এমপি শাওন, তদারকি করলেন ঘটনাস্থলে

কুমিল্লার চান্দিনা উপজেলার কালিয়ারচর-কুটুম্বপুর সড়কের বসন্তপুর অংশে গর্ত ও দেবে যাওয়ার সংবাদ প্রকাশের পর সংস্কারকাজে উদ্যোগ নিয়েছেন চান্দিনার সংসদ সদস্য আতিকুল আলম শাওন। শনিবার তিনি নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত সড়কের সংস্কারকাজের তদারকি করেন। সম্প্রতি কালিয়ারচর-কুটুম্বপুর সড়কের বসন্তপুর অংশের কয়েকটি স্থানে সড়ক দেবে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়। এতে যানবাহন চলাচলে চরম দুর্ভোগের পাশাপাশি প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। বিশেষ করে মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা, ইজিবাইকসহ ছোট যানবাহনের চালক ও যাত্রীরা ঝুঁকি নিয়ে ওই সড়কে চলাচল করছিলেন।

এ নিয়ে দৈনিক প্রতিদিনের কাগজ এ সংবাদ প্রকাশ করা হয়। সংবাদটি স্থানীয় সংসদ সদস্য আতিকুল আলম শাওনের নজরে এলে তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে নেন এবং দ্রুত সড়কটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন। শনিবার সরেজমিনে উপস্থিত হয়ে এমপি আতিকুল আলম শাওন ক্ষতিগ্রস্ত অংশের সংস্কারকাজ পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন এবং সড়কের বেহাল অবস্থার কারণে তাদের ভোগান্তির কথা শোনেন। পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত সংস্কারকাজ সম্পন্ন করার ওপর গুরুত্ব দেন।

স্থানীয় বাসিন্দারা জানান, গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। সড়কের বিভিন্ন অংশে গর্ত ও দেবে যাওয়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন। তবে সচেতন নাগরিকদের অভিযোগ, অতিরিক্ত ড্রাম ট্রাক ও বালুবাহী ভারী ট্রাক চলাচলের কারণে সড়কটি বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের দাবি, শুধু ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। সড়কের ধারণক্ষমতা বিবেচনায় নিয়ে অতিরিক্ত ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

তারা আরও বলেন, জনগণের অর্থে নির্মিত গুরুত্বপূর্ণ সড়কটি যাতে বারবার ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়াতে হবে। একই সঙ্গে অতিরিক্ত ওজনের ড্রাম ট্রাক ও বালুবাহী ট্রাক চলাচলের বিষয়ে সংসদ সদস্য আতিকুল আলম শাওনের কার্যকর উদ্যোগ কামনা করেন তারা। স্থানীয়দের প্রত্যাশা, চলমান সংস্কারকাজের পাশাপাশি সড়কটির স্থায়িত্ব নিশ্চিত করতে ভারী যানবাহন নিয়ন্ত্রণ ও নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হলে দীর্ঘমেয়াদে এই জনদুর্ভোগ থেকে রক্ষা পাবেন কালিয়ারচর-কুটুম্বপুর সড়ক ব্যবহারকারী হাজারো মানুষ।

সিয়াম সরিষা
Link copied!