আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি

নুর হোসেন মিয়া , মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৬, ১১:৪৬ এএম

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি

ফাইল ফটো

চট্টগ্রামের সামাজিক ও মানবিক সংগঠন আদর্শ ছাত্র ও যুব সমাজের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে ২১( আগষ্ট) শুক্রবার সীতাকুণ্ড বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সীতাকুণ্ডের সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বৃদ্ধাশ্রমের অসহায় ও প্রবীণ মায়েদের এবং এতিমখানার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়। পাশাপাশি বৃদ্ধাশ্রমের আশপাশে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয় এতে সংগঠনের নেতৃবৃন্দ ও অতিথিরা এ কর্মসূচিতে অংশ নেন।

সম্প্রতি দেশের বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিবেশবান্ধব কর্মসূচি গুরুত্ব পাচ্ছে। এরই ধারাবাহিকতায় আদর্শ ছাত্র ও যুব সমাজের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতেও মানবিক সেবার পাশাপাশি পরিবেশ রক্ষার বিষয়টি গুরুত্ব পায়। অনুষ্ঠানে আদর্শ ছাত্র ও যুব সমাজের সভাপতি মোক্তার হোসাইন সাইমনের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক ও চট্টগ্রাম অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সরোয়ার হোসেন লাভলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ ছাত্র ও যুব সমাজের উপদেষ্টা ইঞ্জিনিয়ার কামরুদ্দোজা, সীতাকুণ্ড কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাফায়েত হোসেন, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুম, প্রফেসর কামাল উদ্দিন কলেজের বাংলা বিভাগের প্রভাষক নাজিমুজ্জামান রাশেদ,মিরসরাইয়ের সাংবাদিক নুর হোসেন মিয়া, রক্তের বন্ধনে আবদ্ধ আমরা পরিবারের প্রতিষ্ঠাতা পরিচালক মো. রাজু আহমেদ, সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুদ্দিন, অসহায় বন্ধুদের ঠিকানা ফাউন্ডেশনের পরিচালক মো. আবু তাহের, স্বেচ্ছাসেবী জসিম উদ্দিন ও রোহিত।

এ সময় সংগঠনের পরিচালক সরোয়ার উদ্দিন আনসারী, সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসাইন সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মো. বাবলু, সহ-সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ, আনাস, জাবেদুল ইসলাম, নয়ন, সাজিদ, জিসান, ফয়সাল, জায়ফুল, রিয়াদ, শরিফুল, তুহিন, সানি, রনি, লুৎফা, কবিতাসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দ-উৎসবের মধ্যে সীমাবদ্ধ না রেখে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে উদযাপন করা অত্যন্ত প্রশংসনীয়। সমাজের সুবিধাবঞ্চিত, এতিম ও প্রবীণ মানুষের মুখে হাসি ফোটাতে তরুণদের এগিয়ে আসতে হবে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে।

তারা বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি। রক্তদান, অসহায় মানুষের সহযোগিতা, এতিম ও বিধবা নারীদের পাশে দাঁড়ানো, দুর্যোগে খাদ্য সহায়তা এবং বৃক্ষরোপণের মতো কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। আদর্শ ছাত্র ও যুব সমাজ দীর্ঘদিন ধরে এসব কর্মকাণ্ড পরিচালনা করে আসছে উল্লেখ করে অতিথিরা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমের সফলতা কামনা করেন। অনুষ্ঠানে সংগঠনের ছয় বছরের মানবিক কর্মকাণ্ড তুলে ধরে আদর্শ ছাত্র ও যুব সমাজের পরিচালক সরোয়ার উদ্দিন আনসারী বলেন, প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, গত ছয় বছরে আমাদের সংগঠনের উদ্যোগে ৩৪ জন এতিম মেয়ের বিয়ের আয়োজন করা হয়েছে। এছাড়া ১৫ জন বিধবা নারীর কর্মসংস্থানের ব্যবস্থা, একজন অসহায় মানুষের জন্য ঘর নির্মাণ এবং জরুরি মুহূর্তে অসহায় রোগীদের রক্তের ব্যবস্থা করাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। তিনি আরও বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে মানুষের বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানো। কারও রক্তের প্রয়োজন হলে রক্তের ব্যবস্থা করা, অসহায় পরিবারের পাশে দাঁড়ানো কিংবা কোনো মানুষকে স্বাবলম্বী করার সুযোগ তৈরি করা এসব কাজের মধ্যেই আমরা মানবিকতার প্রকৃত অর্থ খুঁজে পাই।

সরোয়ার উদ্দিন আনসারী বলেন, অর্ধযুগ পথচলায় সংগঠনের সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আমাদের সহযোগিতা করেছেন। তাদের সহযোগিতা ও ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। আগামী দিনেও মানবকল্যাণ ও দেশের সেবায় আরও বৃহৎ পরিসরে কাজ করার চেষ্টা থাকবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ডের সর্বোচ্চ রক্তদাতা হিসেবে রক্তযোদ্ধা আলা উদ্দিন, এবং উক্ত সংগঠনের সর্বোচ্চ রক্ত ম্যানেজকারী সহ বিভিন্ন ক্যাটাগরিতে স্বেচ্ছাসেবকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ মানবিক কাজ। তরুণদের রক্তদানে উৎসাহিত করতে নিয়মিত রক্তদাতাদের সম্মাননা প্রদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রতিষ্ঠার পর থেকে রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, এতিম মেয়েদের বিয়ের আয়োজন, বিধবা নারীদের কর্মসংস্থান, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা-চিকিৎসা ও খাদ্য সহায়তাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে সংগঠনটি। সাম্প্রতিক সময়েও দুর্যোগকবলিত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণসহ বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে সংগঠনটি।

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে একদিকে যেমন অসহায় প্রবীণ ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে, অন্যদিকে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে একজন নিয়মিত রক্তদাতাকে সম্মাননার মাধ্যমে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা ও দেশসেবার প্রত্যয় নিয়ে ছয় বছর পেরিয়ে সপ্তম বছরে পদার্পণ করেছে আদর্শ ছাত্র ও যুব সমাজ। ভবিষ্যতেও মানুষের কল্যাণে সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত হবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন অনুষ্ঠানে উপস্থিত অতিথি, সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা।

Link copied!