চট্টগ্রামের ফটিকছড়ির বিবিরহাট বাজারে বিভিন্ন ওষুধের ফার্মেসিতে বিশেষ অভিযান চালিয়ে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ৪ ফার্মেসীর মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৪ আগস্ট) বিকেলে ঔষধ প্রশাসন অধিদপ্তর ও পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ।
অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, চিকিৎসকের স্যাম্পল বিক্রি এবং অননুমোদিত ওষুধ বিক্রির প্রমাণ পাওয়ায় চারটি ফার্মেসির মালিকের বিরুদ্ধে ঔষধ ও কসমেটিক আইন-২০২৩ এর সংশ্লিষ্ট ধারায় পৃথক ৪টি মামলায় রাকিব ফার্মেসিকে ১০ হাজার, করিম ক্লিনিক ফার্মেসিকে ২০ হাজার, করিম ড্রাগ হাউসকে ৫০ হাজার এবং জনসেবা ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। এসময় ফার্মেসি মালিকদের অনুমোদিত ওষুধ বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ না রাখার বিষয়ে সতর্কও
করেন ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট কর্মকর্তারা। জনস্বার্থে ও ভোক্তাদের নিরাপত্তার কথা বিবেচনায় এ ধরনের অভিযান, নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা প্রশাসন।

আপনার মতামত লিখুন :