শ্রীবরদীতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

মো: খাইরুল ইসলাম , শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৬, ০৫:১৫ পিএম

শ্রীবরদীতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

ফাইল ফটো

শেরপুরের শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা বাজার ব্যবসায়ী ও যুব সমাজের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস, আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি উপলক্ষে সকাল সাড়ে ৮টায় উপজেলার টেংগরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।এতে ভায়াডাঙ্গা বাজারের ব্যবসায়ী, স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পাশাপাশি পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলা থেকেও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসলমান অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম, পবিত্র জীবনাদর্শ, চারিত্রিক গুণাবলি ও মানবতার কল্যাণে তাঁর অনন্য অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। আয়োজকরা জানান, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ, তাঁর জীবন ও আদর্শ সম্পর্কে মানুষকে অবহিত করা এবং ইসলামের শান্তি, সম্প্রীতি ও মানবতার বার্তা সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

কর্মসূচির শুরুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পরে জশনে জুলুস ও আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করে বিভিন্ন স্লোগান দেন। এতে পুরো এলাকায় এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এদিকে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানকে ঘিরে ভায়াডাঙ্গা বাজার ও আশপাশের এলাকায় সকাল থেকেই উৎসবের আমেজ বিরাজ করে।

দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল হয়ে ওঠে প্রাণবন্ত। আয়োজকদের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী, যুবসমাজ ও স্বেচ্ছাসেবকেরা অনুষ্ঠানটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেন। ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা তানজির আহম্মদ। যুগ্ম আহ্বায়ক মো. রমজান আলী এবং সদস্য সচিব হাফিজুর রহমান (মাখন)।

সিয়াম সরিষা
Link copied!