ময়মনসিংহের তারাকান্দায় ১১ বছর বয়সী এক মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে মো. মিজানুর রহমান (২৫) নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে তারাকান্দা থানা-পুলিশ।স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২২ আগস্ট রাত আনুমানিক ১১টার দিকে তারাকান্দা থানার মধুপুর এলাকার বটতলা জামিয়াতুল আবরার আল হুসাইনিয়াতুল কওমী মাদরাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মিজানুর রহমান ওই মাদরাসার শিক্ষক। তিনি তারাকান্দার নলদিঘী এলাকার আইনুদ্দিন তালুকদারের ছেলে।
ঘটনার পরদিন ২৩ আগস্ট বেলা সোয়া ২টার দিকে শিশুটি বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরে স্বজনেরা মাদরাসায় গিয়ে মুহতামিম মো. জাকির হোসেন আকন্দসহ অন্য শিক্ষকদের বিষয়টি অবহিত করেন। এ সময় মাদরাসা কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষককে আটকে রেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নেয়।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাশিদ বলেন, শিশুটিকে উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষক ওই শিশুকে বলাৎকারের কথা স্বীকার করেছেন বলে তিনি জানান। অভিযুক্ত শিক্ষককে ২৪ আগস্ট ( সোমবার) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :