শেরপুরের নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে নালিতাবাড়ী ইউনিয়নকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নয়াবিল ইউনিয়ন। শনিবার (২২ আগস্ট) সামিউল হক স্পোর্টস একাডেমির আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের মেগা ফাইনালে হাজারো ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্চিতা বিশ্বাস, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক এবং সামিউল হক স্পোর্টস একাডেমির চেয়ারম্যান সামিউল হকসহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ। খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক অমিত হাসান ও অভিনেত্রী কেয়া পায়েল। তাদের উপস্থিতি দর্শকদের মধ্যে বাড়তি উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
খেলা শেষে চ্যাম্পিয়ন নয়াবিল ইউনিয়ন ও রানার্সআপ নালিতাবাড়ী ইউনিয়ন দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলাই এ টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য।

আপনার মতামত লিখুন :