শেরপুরের নালিতাবাড়ীতে এলাকায় প্রবেশ করে মাদক বেচাকেনার সময় ৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে দুই যুবককে আটক করেছে স্থানীয় মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে উপজেলার বিশগিরিপাড়া এলাকার হ্যান্ডেল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আটকরা হলেন নালিতাবাড়ী শহরের আড়াইআনী বোতলভাঙ্গা মহল্লার বাসিন্দা ফাহিম (২৫) ও শরীফ (৩০)।
সংগঠন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বিশগিরিপাড়া এলাকায় মাদকের একটি চালানের লেনদেন হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে ‘বিশগিরিপাড়া মাদকবিরোধী সচেতন নাগরিক সমাজ’-এর সদস্যরা এলাকায় নজরদারি বাড়ান। পরে রাতে হ্যান্ডেল মোড় এলাকায় ফাহিম ও শরীফ মাদক কেনাবেচার উদ্দেশ্যে সেখানে এলে সংগঠনের সদস্যরা তাদের চারদিক থেকে ঘিরে ফেলেন।
এ সময় তাদের দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে ওই দুই যুবককে আটক করে সংগঠনের কার্যালয়ে রাখা হয়। এ সময় স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে তাদের মারধর করা হয় বলে জানা গেছে। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক দুইজনকে হেফাজতে নিয়ে নালিতাবাড়ী থানায় নিয়ে যায়। উল্লেখ্য, “মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ১৪ আগস্ট ‘বিশগিরিপাড়া সচেতন নাগরিক সমাজ’ নামে একটি মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যালয় উদ্বোধন করা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও যুবসমাজের সমন্বয়ে গঠিত সংগঠনটি এলাকায় মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি ও প্রতিরোধে কাজ করছে।

আপনার মতামত লিখুন :