নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

নাজমুল হাসান নয়ন , নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা

প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৬, ০৭:৩০ পিএম

নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

ফাইল ফটো

শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে দলের দুঃসময়ের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি। বক্তারা বলেন, দলের দুর্দিনে যারা মামলা-হামলা, নির্যাতন-নিপীড়ন উপেক্ষা করে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন, সংগঠনকে টিকিয়ে রাখতে কাজ করেছেন এবং নেতাকর্মীদের পাশে থেকেছেন, বর্তমানে তাদের অনেকেই যথাযথ মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন। অথচ সুসময়ের অনেকেই আজ বিভিন্নভাবে সুযোগ-সুবিধা নিচ্ছেন।

তারা বলেন, দলের দুঃসময়ের ত্যাগ কখনো ভুলে গেলে চলবে না। আন্দোলন-সংগ্রামের কঠিন সময়ে যারা রাজপথে ছিলেন, মামলা-মোকদ্দমার শিকার হয়েছেন এবং দলের জন্য ব্যক্তিগত স্বার্থ বিসর্জন দিয়েছেন, তাদের অবদান মূল্যায়ন করতে হবে। দলের দুর্দিনের কর্মীদের বাদ দিয়ে সংগঠনকে শক্তিশালী করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন বক্তারা। ২০ আগস্ট  বৃহস্পতিবার বিকেলে নালিতাবাড়ীতে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খোরশেদ আলম বুলবুলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরুজ্জামান খোকন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শেরপুর-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর উপস্থিত থাকার কথা ছিল। সভায় বক্তারা আরও বলেন, দলের ভেতরে ত্যাগী, পরীক্ষিত ও দীর্ঘদিনের নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা না গেলে মাঠপর্যায়ের কর্মীদের মধ্যে হতাশা তৈরি হতে পারে। তাই আগামী দিনে নেতৃত্ব ও সাংগঠনিক দায়িত্ব প্রদানের ক্ষেত্রে দলের দুঃসময়ে কার কী ভূমিকা ছিল, তা বিবেচনায় নেওয়ার আহ্বান জানান তারা।

এ সময় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী দেওয়ান, ছামিদুল ইসলাম মুন্সী, শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, জাহিদ হাসান রুমানসহ বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ ছাড়া উপজেলা কৃষক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ইউনিয়ন পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সভায় অংশ নেন।

সিয়াম সরিষা
Link copied!