শেরপুরের নালিতাবাড়ীতে একই দিনে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু এবং দুই নারী-কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ আগস্ট) উপজেলার কলসপাড়, নয়াবিল ও রামচন্দ্রকুড়া ইউনিয়নে এসব ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো কলসপাড় ইউনিয়নের মধ্যনাকশী গ্রামের হযরত আলীর ছেলে রোহান (৭) ও একই গ্রামের ওবায়দুল আসলামের ছেলে ইসমাইল (৬)। রোহান স্থানীয় একটি বিদ্যালয়ের শিশু শ্রেণির এবং ইসমাইল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর ১২টার দিকে রোহান ও ইসমাইল বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। সোমবার ভোরে মধ্যনাকশী গ্রামের একটি পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে স্বজনেরা মরদেহ দুটি উদ্ধার করেন। স্থানীয়দের ভাষ্য, দুই শিশু মাঝেমধ্যে জলাশয়ে মাছ ধরতে নামলেও তারা ভালোভাবে সাঁতার জানত না। ধারণা করা হচ্ছে, মাছ ধরতে গিয়ে তারা পানিতে ডুবে মারা যেতে পারে।
এদিকে, সোমবার দুপুর তিনটার দিকে নয়াবিল ইউনিয়নের সিধুলী গ্রামে পুকুরের পানিতে ডুবে হোসাইন আহমেদ আলিফ (৩) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের রাজিব মিয়ার ছেলে। বাড়ির পাশের পুকুরে ডুবে যাওয়ার পর স্বজনেরা তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। অন্যদিকে, একই দিন নয়াবিল ইউনিয়নের নয়াবিল এলাকায় নুরজাহান বেগম (৬৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ভোর সাড়ে ছয়টার দিকে বাড়ির পাশে একটি পেয়ারা গাছের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান মেয়ে তাসলিমা আক্তার। নিহত নুরজাহান বেগম ওই গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী।
এছাড়া রামচন্দ্রকুড়া ইউনিয়নের তন্তর গ্রামে শাকিলা (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে আটটার দিকে পরিবারের সদস্যরা তাকে ঘরের ধন্যার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পরে তাকে দ্রুত নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান পৃথক এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন :