পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় আগামী ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি গাছ রোপণের উদ্যোগ নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে এ উদ্যোগ বাস্তবায়নে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।
শনিবার (২২ আগস্ট) ময়মনসিংহের তারাকান্দায় গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা (গ্রামাউস)-এর উদ্যোগে বিনামূল্যে গাছের চারা বিতরণ, বৃক্ষরোপণ ও আর্থিক সহায়তা প্রদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোতাহার হোসেন তালুকদার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে আগামী ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগ সফল করতে রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, একটি গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, ফলজ, বনজ ও ঔষধি গাছ মানুষের খাদ্য, অর্থনীতি ও জীবিকার সঙ্গেও জড়িত। তাই শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা করে বড় করে তুলতে হবে। গ্রামাউস তারাকান্দা শাখায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম। পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ২৫ কোটি গাছ রোপণের উদ্যোগকে সমর্থনের অংশ হিসেবে গ্রামাউস চলতি বছরে তাদের ২৩টি শাখা, মডেল একাডেমি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৫০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাশিদ, ময়মনসিংহ সমাজসেবা সমন্বয় পরিষদ ও ক্রীড়া সংস্থার সহসভাপতি রেহানা পারভীন ববি, তারাকান্দা বিএনপির সদস্যসচিব আবদুস সালাম সোবহান, তারাকান্দা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ এবং ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
এ সময় তারাকান্দা শাখার ২০০ জন উপকারভোগীর মধ্যে মোট ৬০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে পাঁচজন প্রতিবন্ধী ও দুস্থ ব্যক্তির মধ্যে ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা পরিবেশ রক্ষা ও একটি সবুজ বাংলাদেশ গড়তে সবাইকে বেশি বেশি গাছ লাগানো এবং রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন :