ময়মনসিংহে পশু চিকিৎসক ডা. মো. আশিকুর রহমানের ওপর হামলার ঘটনায় আফরিন রশিদ সেজুতি (২০) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৩ আগস্ট) কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আফরিন রশিদ সেজুতি ময়মনসিংহ নগরীর মাসকান্দা নতুন বাজার রোড এলাকার ডা. হারুন অর রশিদের মেয়ে।
পুলিশ জানায়, গত ২২ আগস্ট ফেসবুকে ‘পোষা বিড়াল মারা যাওয়ায় ময়মনসিংহে পশু চিকিৎসকের ওপর হামলা’ শিরোনামে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি জেলা পুলিশের নজরে এলে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশনায় কোতোয়ালী মডেল থানার একটি দল ঘটনাটি তদন্ত শুরু করে।
পুলিশ আরও জানায়, ভাইরাল ভিডিও পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার পাশাপাশি স্থানীয়ভাবে অনুসন্ধান চালানো হয়। তদন্তের ধারাবাহিকতায় হামলায় জড়িত থাকার অভিযোগে আফরিন রশিদ সেজুতিকে শনাক্ত করে গ্রেফতার করা হয়।
আহত পশু চিকিৎসক ডা. মো. আশিকুর রহমানের অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় জড়িত অপর আসামিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ময়মনসিংহ জেলা পুলিশ। একই সঙ্গে এ ধরনের সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন :