ময়মনসিংহের তারাকান্দায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) উপজেলার রামপুর ইউনিয়নের বাট্রা বাজারে ইলৃমে মদিনা মডেল মাদ্রাসার উদ্যোগে এ আয়োজন করা হয়। এ উপলক্ষে বাট্রা বাজার থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটির নেতৃত্ব দেন ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি হযরত মাওলানা আরিফুল ইসলাম সবুজ। এতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ প্রায় দুই হাজার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালিটি বাট্রা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মাদ্রাসা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্যে মাওলানা আরিফুল ইসলাম সবুজ বলেন, “পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মের স্মরণীয় দিন। মহানবী (সা.) মানবজাতির জন্য রহমতস্বরূপ পৃথিবীতে আগমন করেছিলেন। তাঁর আদর্শ, শিক্ষা ও সুন্নাহ আমাদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে অনুসরণ করতে হবে। শুধু আনুষ্ঠানিকভাবে দিবস পালন করলেই হবে না, মহানবী (সা.)-এর সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, মানবতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে।”
তিনি আরও বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমেই সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব। নতুন প্রজন্মকে ইসলামের প্রকৃত শিক্ষা ও মহানবী (সা.)-এর জীবনাদর্শ সম্পর্কে জানাতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন :