গুইমারায় জেলা পরিষদের চেয়ারম্যান-সদস্যদের সংবর্ধনা, আবাসিক ছাত্রাবাস পরিদর্শন

দিদারুল হৃদয় , গুইমারা (খাগড়াছড়ি) সংবাদদাতা

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৪৪ পিএম

গুইমারায় জেলা পরিষদের চেয়ারম্যান-সদস্যদের সংবর্ধনা, আবাসিক ছাত্রাবাস পরিদর্শন

ফাইল ফটো

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত চেয়ারম্যান ও সদস্যদের গুইমারা উপজেলা বিএনপির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা শেষে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা গুইমারায় অবস্থিত আবাসিক ছাত্রাবাস পরিদর্শন করেন। বুধবার (২ সেপ্টেম্বর) আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে গুইমারা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ নবগঠিত জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই বলেন, “জেলা পরিষদ জনগণের প্রতিষ্ঠান। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে খাগড়াছড়ির মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।” তিনি আরও বলেন, “শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা আমাদের অন্যতম দায়িত্ব। জেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

পরে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা গুইমারার আবাসিক ছাত্রাবাস পরিদর্শন করেন। এ সময় তারা ছাত্রাবাসের আবাসন ব্যবস্থা, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা ও সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনকালে শিক্ষার্থীদের সঙ্গেও মতবিনিময় করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা। ছাত্রাবাসের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হয়। এ সময় জেলা পরিষদের সদস্যবৃন্দ, গুইমারা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সিয়াম সরিষা
Link copied!