হাটহাজারীসহ তিন উপজেলায় অ/বৈ/ধ ইটভাটায় আগাম সতর্কতা, মালিকদের নোটিশ

কামাল উদ্দীন চৌধুরী , ফটিকছড়ি, চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৫১ পিএম

হাটহাজারীসহ তিন উপজেলায় অ/বৈ/ধ ইটভাটায় আগাম সতর্কতা, মালিকদের নোটিশ

ফাইল ফটো

প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামের হাটহাজারী, চন্দনাইশ ও রাঙ্গুনিয়াসহ তিন উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে আগাম সতর্কতামূলক কার্যক্রম পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ পরিচালক মো. মোজাহিদুর রহমানের নেতৃত্বে একটি দল রাঙ্গুনিয়া, হাটহাজারী ও চন্দনাইশ উপজেলার বিভিন্ন ইটভাটা সরেজমিনে পরিদর্শন করে।

এ সময় দলের সদস্যরা বিশেষ করে সনাতন প্রযুক্তির ড্রাম চিমনি ও ফিক্সড চিমনি বিশিষ্ট অবৈধ ইটভাটায় আগুন না দেওয়া, ইটভাটায় জ্বালানি কাঠ ব্যবহার না করা এবং কৃষিজমির টপসয়েল (উপরিভাগের মাটি) ব্যবহার থেকে বিরত থাকার বিষয়ে ভাটা মালিকদের সতর্ক করেন। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা প্রতিটি ইটভাটায় সশরীরে গিয়ে মালিকদের হাতে এ সংক্রান্ত নোটিশ প্রদান করেন। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণে সরকারের নির্দেশনা কঠোরভাবে প্রতিপালনের জন্য ভাটা মালিকদের সতর্ক করে দেওয়া হয়।

অভিযান পরিচালনাকারী দলের মধ্যে ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল এবং পরিদর্শক চন্দন বিশ্বাস।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানানো হয়, অবৈধভাবে পরিচালিত ইটভাটা এবং পরিবেশের ক্ষতি করে এমন কার্যক্রমের বিরুদ্ধে সরকারের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট ভাটা মালিকদের আগাম সতর্ক করা হয়েছে এবং নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।

সিয়াম সরিষা
Link copied!