ফুলগাজীর মুন্সীরহাটে প্রয়াত বিএনপি নেতাদের কবর জিয়ারত

জসিম উদ্দিন , ফুলগাজী উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২৯ পিএম

ফুলগাজীর মুন্সীরহাটে প্রয়াত বিএনপি নেতাদের কবর জিয়ারত

ফাইল ফটো

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রয়াত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কবর জিয়ারত করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপনসহ স্থানীয় নেতৃবৃন্দ। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত এ কর্মসূচিতে মুন্সীরহাট ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রায় ১৫টি কবরস্থানে গিয়ে প্রয়াত নেতাকর্মীদের কবর জিয়ারত করা হয়। এ সময় কুতুবপুর, কমুয়া, কামাল্লা, পৈথারা, বদরপুর, নোয়াপুরসহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের কবরস্থানে গিয়ে মরহুম নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

কবর জিয়ারতকালে নেতৃবৃন্দ প্রয়াত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রাজনৈতিক জীবন, দলীয় কর্মকাণ্ডে তাদের অবদান, ত্যাগ ও সংগ্রামের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, দলের দুঃসময়ে এসব নেতাকর্মী নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে বিএনপির আদর্শকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের অবদান দল কখনো ভুলবে না। এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষও কর্মসূচিতে অংশ নেন। উপস্থিত নেতৃবৃন্দ প্রয়াত নেতাকর্মীদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন বলেন, দলের জন্য আত্মনিবেদিত নেতাকর্মীদের অবদান কখনো বিস্মৃত হওয়ার নয়। তাদের আদর্শ, ত্যাগ ও সংগ্রাম নতুন প্রজন্মের নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাদের দেখানো পথ অনুসরণ করে বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে আমরা কাজ করে যাব। তিনি আরও বলেন, দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে এবং জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে বিএনপি ধারাবাহিকভাবে গণসংযোগ কার্যক্রম পরিচালনা করছে। আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলকে আরও সক্রিয় ও ঐক্যবদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

পরে গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে নেতৃবৃন্দ ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় স্থানীয় বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং জনগণের প্রত্যাশা সম্পর্কে খোঁজখবর নেন তারা। পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন বিএনপি নেতারা। কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বলেন, জনগণের আস্থা ও সমর্থন নিয়েই বিএনপি আগামী দিনের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে। তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সিয়াম সরিষা
Link copied!