মোহাম্মদ আইয়ুব ,মাতামুহুরী : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেলা ফুটবল দল ৩-২ গোলে উখিয়া উপজেলা ফুটবল দলকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটায় কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে মুখোমুখি হয় চকরিয়া বনাম উখিয়া উপজেলা ফুটবল দল।
ফাইনালে জায়গা করে নিতে দুই দলই শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেললেও শেষ পর্যন্ত চকরিয়া উপজেলা ফুটবল দলের খেলোয়াড়দের দলগত নৈপুণ্যে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় তারা। খেলায় প্রথমআর্ধে চকরিয়া ১-০ গোলে এগিয়ে যায়।পক্ষান্তরে উখিয়া উপজেলা ফুটবল দলও ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে। দু'দলের আক্রমণ - পাল্টা আক্রমণ ম্যাচটি শেষ পর্যন্ত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। এক পর্যায়ে চকরিয়া উপজেলা ফুটবল দল ৩-২ গোলের ব্যবধানে জয়লাভ করে।
এদিকে ম্যাচে চমকপ্রদ খেলার জন্য চকরিয়া উপজেলা ফুটবল দলের অধিনায়ক আমির হাকিম বাপ্পি ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। এর আগে টুর্নামেন্টের প্রথম খেলায় চকরিয়া উপজেলা ফুটবল দল কক্সবাজার সদর উপজেলা দলকে টাইব্রেকারে হারিয়ে টুর্নামেন্টে দারুণ সূচনা করেছিল। অন্যদিকে, কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে মাতামুহুরী উপজেলা ফুটবল দলকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল উখিয়া উপজেলা ফুটবল দল। উল্লেখ্য, ফাইনালে চকরিয়ার প্রতিপক্ষ রামু উপজেলা ফুটবল দল।গত ৩১ আগস্ট অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে টেকনাফকে ২-০ গোলে হারিয়ে রামু ফাইনাল নিশ্চিত করে।

আপনার মতামত লিখুন :