টুঙ্গিপাড়ায় জমজমাট ‘আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট’ সম্পন্ন

জসিম মুন্সী , টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০২ পিএম

টুঙ্গিপাড়ায় জমজমাট ‘আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট’ সম্পন্ন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের ঐতিহ্যবাহী ধোপার মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট-২০২৬’। দিনব্যাপী এ প্রতিযোগিতায় দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চিতলমারীর কামরুলের দল। শনিবার সকাল ১০টায় কুশলী ইউনিয়নের ধোপার মাঠে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। ১ নম্বর কুশলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে সকাল থেকেই মাঠ ও আশপাশের এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়। গ্রামবাংলার ঐতিহ্যবাহী জাতীয় খেলা হা-ডু-ডুর প্রতি নতুন প্রজন্মের আগ্রহ সৃষ্টি এবং স্থানীয় খেলোয়াড়দের উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক এম মোক্তার মোল্লা এবং টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম। কুশলী ইউনিয়ন বিএনপির সভাপতি কদর শেখের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন এইচ এম মোস্তফা কামাল চান মিয়া। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন আলী জান্নাত।

খেলা চলাকালে মাঠে উপস্থিত থেকে প্রতিযোগিতা উপভোগ করেন টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী, কুশলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইশতিয়াক হোসেন হাইশোরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আয়োজক কমিটির সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার ক্রীড়াপ্রেমীরা। দিনব্যাপী টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর খেলোয়াড়রা দুর্দান্ত ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেন। একের পর এক আক্রমণ, পাল্টা আক্রমণ ও শ্বাসরুদ্ধকর মুহূর্তে পুরো মাঠজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রিয় দলের খেলোয়াড়দের উৎসাহ দিতে দর্শকদের উচ্ছ্বাস-উল্লাসে মুখর হয়ে ওঠে ধোপার মাঠ। সকাল থেকেই হাজারো ক্রীড়াপ্রেমীর উপস্থিতিতে মাঠের চারপাশে ছিল উপচে পড়া ভিড়।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে চিতলমারীর কামরুলের দল সেরা নৈপুণ্য প্রদর্শন করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে এ সময় ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে আরও জনপ্রিয় করে তুলতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের সমাপ্তি ঘটে। প্রাণবন্ত এ আয়োজন উপভোগ করতে পেরে স্থানীয় দর্শক ও ক্রীড়াপ্রেমীরা আয়োজকদের প্রশংসা করেন এবং এমন আয়োজন নিয়মিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

Link copied!